বোনের বাসায় বেড়াতে এসে পারিবারিক কলহের শিকার হয়েছে দুই শিশু। তাদের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে উঠেছে তাদের ভগ্নিপতির বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর আদাবর শনিরবিল হাউজিংয়ের প্রেম গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। শিশু দুটিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ দুই শিশু হলো মিতু (৮) ও বাপ্পি (৫)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মিতুর শরীরের ৯৮ শতাংশ ও তার ছোট ভাই বাপ্পির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, ওই শিশুর বোন মৌয়ের স্বামী আলাউদ্দিন পেশায় রিকশাচালক। তিনি দুই বিয়ে করেছেন। আদাবর এলাকায় পাশাপাশি মৌয়ের মা-বাবা থাকেন। গতকাল মিতু ও বাপ্পিকে তাদের বাসা থেকে ডেকে আনে আলাউদ্দিন। এরপরই তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে।