কোন সেবা কোথায় পাওয়া যাবে, সে ব্যাপারে ধারণা না থাকায় অনেক সমস্যার সৃষ্টি হয় মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘অনেক অভিযোগও আসে। যেমন জমিজমাসংক্রান্ত বিষয় অর্থাৎ দেওয়ানিসংক্রান্ত বিষয়। এটা পুলিশের কাজের মধ্যে পড়ে না। আসলে আমরা এ বিষয়ে সেবাই দিই না। সঠিক তথ্য না থাকার কারণে দেওয়ানি সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন এবং সেবা না পেলে ধারণা করেন অন্য পার্টির কাছ থেকে পুলিশ টাকা খেয়েছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।