খালেদার মুক্তির মেয়াদের আবেদন আইন মন্ত্রণালয়ে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ও শর্ত শিথিল বিষয়ে পরিবারের করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর গত ১ মার্চ খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে এ আবেদন করা হয়। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করে খালেদার ছোট ভাই শামীম এস্কান্দার এ–সংক্রান্ত আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বুধবার সংবাদমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। সর্বশেষ গত বছরের ২৫ সেপ্টেম্বর থেকে আরও ছয় মাসের জন্য খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ে। সেই মেয়াদ ২৫ মার্চ শেষ হচ্ছে।

মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন; এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়।