রিকশায় মাকে ‘রুমাল শুকিয়ে অজ্ঞান করে’ শিশুকে অপহরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিকশায় মাকে অজ্ঞান করে চার বছরের মেয়েকে অপহরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলের ওই ঘটনার পর রাতেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

গফরগাঁও থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মো. আলম মিয়ার স্ত্রী সাদিয়া নুর ইনু মঙ্গলবার বিকেলে স্বামীর কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি চার বছরের মেয়ে মাহিদাকে নিয়ে পৌর শহরের শিবগঞ্জ রেল ক্রসিং থেকে রিকশায় ওঠেন।

মহিলা কলেজ রোডে যাওয়ার পর রিকশা চালক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে তাদের রেখে যান। এ সময় অজ্ঞাত এক নারী এসে সাদিয়া নুরের সঙ্গে কথা বলার ছলে রুমাল শুকিয়ে অজ্ঞান করে শিশুটিকে নিয়ে চলে যান।

জ্ঞান ফিরে সাদিয়া নুর ইনু দেখেন মেয়ে মাহিদা ও ভ্যানিটি ব্যাগ নেই। স্বামীর সঙ্গে যোগাযোগ করে থানায় চলে আসেন। পুলিশ অভিযোগ পেয়ে খোঁজাখুঁজি করে শিলাসী এলাকা থেকে ওই দিনই শিশুটিকে উদ্ধার করে।

বুধবার সকালে ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে বুজিয়ে দেওয়া হয়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।