থাইল্যান্ডের একটি জলাভূমিতে লোমযুক্ত সবুজ সাপ হিসাবে বর্ণনা করা যেতে পারে এমন একটি প্রাণীর দেখা মিলেছে। লোমওয়ালা রহস্যময় সাপ জাতীয় প্রাণীটি স্থানীয়দের অবাক করে দিয়েছে। তারা আগে কখনও এমন প্রাণী দেখেননি।
থাইগার নামের একটি নিউজ ওয়েবসাইট জানিয়েছে, তু নামের এক স্থানীয় ব্যক্তি উত্তর-পূর্ব থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশে পশমযুক্ত সাপটি খুঁজে পেয়েছেন। ৪৯ বছর বয়সী লোকটি গত মাসের শেষের দিকে বাড়িতে হাঁটার সময় প্রাণীটিকে দেখেছিলেন এবং সেটিকে একটি জারে ভরে তার পরিবারের সদস্যদেরও দেখাতে নিয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরাও প্রাণীটিকে দেখে চমকে যায় এবং এটি কী ধরনের প্রাণী তা নিয়ে বিভ্রান্তিতে ভোগে।
দুই ফুট লম্বা সাপটিকে জলে ভরা একটি পাত্রে রেখেছিল ওই পরিবার এবং সেটিকে ছোট মাছ খেতে দেয়। প্রাণীটিকে সনাক্ত করার জন্য তারা সরকারি কর্তৃপক্ষকে খবর দেয়।
ফেসবুকে অনেকে প্রাণীটিকে ড্রাগনের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ বলছেন যে, এটি এমন একটি সাপ হতে পারে, যার পিঠে শ্যাওলা জমেছে।
আহত প্রাণীদের উদ্ধার করে তাদের যত্নকারী সংস্থা ওয়াইল্ডলাইফ এআরসি-র সাপের প্রজাতির সমন্বয়কারী স্যাম চ্যাটফিল্ডও একমত হয়েছেন যে, প্রাণীটি পানিতে বসবাসকারী একটি পাফ-ফেসড বা মুখ-ফোলা জাতের সাপ হতে পারে, যার আঁশের উপর শেত্তলা জমে গেছে। তাদের মাস্কড ওয়াটার স্নেক অর্থাৎ ছদ্মবেশী সাপও বলা হয়।
তিনি বলেন, ‘সাপের আঁশগুলো ত্বকের উপরে থাকে এবং বেশিরভাগই কেরাটিন দিয়ে তৈরি। এটি ত্বকের উপরে একটি স্তর থাকার মতো এবং যখন তারা খোলস বদল করে তখন তারা সেই আঁশের বাইরের অংশটি ফেলে দেয়’।
‘পরের বার যখন এই সাপটি খোলস বদল করবে তখন তার গায়ের এই শেত্তলার স্তরও ঝরে পড়বে’।
মুখ-ফোলা জাতের পানির সাপ হালকা বিষাক্ত এবং প্রধানত দক্ষিণ-পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এই নিশাচর সাপগুলো প্রধানত ছোট ব্যাঙ এবং মাছ খায়।