অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্ট জিততে হলে বিস্ময়কর কিছু করতে হবে পাকিস্তানকে। তবে পঞ্চম ও শেষদিনে জয়ের চেয়ে এখন তাদের চিন্তা ম্যাচ বাঁচানোর দিকে।
সেই লক্ষ্যে দিন শুরু করে দুই ঘণ্টা অজি বোলারদের পরীক্ষা নিয়েছেন অধিনায়ক বাবর আজম ও ওপেনার আবদুল্লাহ শফিক। আগেরদিনও সফরকারীদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দুজনে। গড়েন ১৭১ রানের জুটি।
৫০৬ লক্ষ্য। করতে হবে ১৭২ ওভার ব্যাটিং। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতে ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তানকে বাঁচিয়ে রাখেন বাবর-শফিক। পঞ্চমদিনেও দুজনে মাটি কামড়ানো ব্যাটিং করলেন। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে শফিকের। ‘নড়বড়ে নব্বইয়ে’ ফেরেন তিনি।
অস্ট্রেলিয়াকে দিনের প্রথম ব্রেক-থ্রু এনে দেন প্যাট কামিন্স। এই পেসারের বলে স্টিভেন স্মিথের হাতে বন্দী হন শফিক। তার আগে সফরকারীদের ধৈর্যের পরীক্ষাটা বেশ ভালোভাবে নিয়েছেন তিনি। ৯৬ রান করার পথে খেলেন ৩০৫ বল।
শফিক ফেরার পরপরই মধ্যাহ্নভোজে যায় দু’দল। তার আগে বাবরকে সঙ্গে নিয়ে ২১ বছরের পুরোনো এক রেকর্ডও ভেঙেছেন তিনি। চতুর্থ ইনিংসে যেকোনো উইকেটে সবচেয়ে বেশি বলের জুটি গড়েন উভয়ে।
২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ইনিংসে ৫০০ বল খেলে রেকর্ড গড়েছিলেন দুই ভারতীয় ব্যাটার দীপ দাশগুপ্ত ও রাহুল দ্রাবিড়। করাচিতে সেই রেকর্ডটিই ভাঙলেন বাবর-শফিক। ২২৮ রানের জুটি গড়ার পথে দুজনে গড়েন ৫২৪ বল খেলার রেকর্ড।
করাচি টেস্টে একাই লড়াই করছেন বাবর। ৩৫৬ বলে ১৬৭ রানে ব্যাট করছেন তিনি। সঙ্গে আছেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান (১৪)। পাকিস্তান এখনো পিছিয়ে আছে ১৯৭ রানে। স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করেছে ৩০৯ রান।
অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৫৫৬ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। সফরকারীরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২ উইকেটে ৯৭ রান নিয়ে। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৮ রানে।