বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী সব ট্রেনের চলাচল আগামী ২৬ মার্চ থেকে পুনরায় শুরুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
এই বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়েকে চিঠি দিয়েছে। এ নিয়ে আলোচনার জন্য আগামী রবিবার আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে রেল মন্ত্রণালয়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে ভারতীয় রেল মঙ্গলবার চিঠি দিয়েছে।
২০২০ সালে করোনা মহামারি শুরু হলে দুই দেশের মধ্যে চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়।
এখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় পুনরায় যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ভারত তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড প্রটোকল পাঠিয়েছে। বাংলাদেশের প্রটোকল কী হবে, তা নিয়ে রবিবারের বৈঠকে আলোচনা হবে।
রেলওয়ে সূত্র জানায়, এই মুহূর্ত বাংলাদেশ রেলের কোচের কিছুটা সংকটে আছে। এ অবস্থায় ভারতীয় কর্তৃপক্ষ কোচ দিয়ে দুই দেশের ট্রেন চালুর আশ্বাস দিয়েছে।