চট্টগ্রামে তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর মহানুভবতা খালেদা জিয়া মনে রাখবেন আশা করি

খালেদা জিয়ার প্রতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং খালেদা জিয়ার সেটি মনে রাখা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়াকে বারবার সাজার মেয়াদ স্থগিত রেখে মুক্ত থাকার সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়েছেন। 

গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তার আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালেদা জিয়ার সাজা স্থগিতের সময়সীমা বাড়ানোর আবেদন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো জনগণের কাছে যান না। তিনি মাঝেমধ্যে ঠাকুরগাঁও যান আর টেলিভিশনে প্রোগ্রাম করেন। আর মাঝেমধ্যে লোক দেখানো কিছু প্রোগ্রাম করেন। জনগণ যে আজকে ভালো আছে, তারা তো আসলে সেটুকু জানেন না। জনগণ ভালো থাকুক সেটিও তারা চান না, জনগণ যে ভালো আছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে।