আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে তাদের অধীনে যে নির্বাচন কমিশনই (ইসি) গঠন করা হোক না কেন তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ সরকার গঠিত ইসি’র অধীনে নির্বাচন হলেই একটি জবাবদিহিমূলক সংসদ গঠন করা যাবে।’
গতকাল বুধবার বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব।
এর আগে প্রয়াত এই নেতার কবরে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা।
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটারবিহীন সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।’