কক্সবাজারের মহেশখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ফিশিং বোট দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে মহেশখালী জেটিঘাটে লাশ দুটি নামিয়ে দেওয়া হয়। পরে স্বজনেরা লাশগুলো বাড়িতে নিয়ে যায় বলে জানা গেছে।
নিহতরা হলেন- মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডের আব্দুল শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল।
তিনি আরও জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জালের সঙ্গে পেঁচিয়ে দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে কয়েক দিন আগে কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোটে ১৪ জন জেলে মাছ ধরতে যায়। সেখানে দুদিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুইজনের মৃত্যু হয় এবং ১২ জন জীবিত অবস্থায় ফিরে আসে। এদিকে লাশ দুটি রাতেই জানাজা শেষে দাফন করা হয় বলে জানা যায়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট দুর্ঘটনায় মহেশখালীর দুই জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।