অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন মন্ত্রী (অর্থমন্ত্রী) হিসেবে ভুয়া তথ্য দেওয়াকে অপরাধমূলক কাজ বলে মনে করা হয়। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার প্রচেষ্টার দায়ে সভা তার পদত্যাগ দাবি করে।

সভার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত পোষণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তিকরণের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।

সভায় ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবিও জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।