চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিফেরত এক যাত্রীর কাছ থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে এসব স্বর্ণবার জব্দ করা হয়। তিনি অভিনব কৌশলে খেলনা গাড়ির ব্যাটারিতে স্বর্ণের বারগুলো লুকিয়ে রেখেছিলেন।
জব্দ করা ১০০ ভরি স্বর্ণবারের ওজন ১ কেজি ১৭০ গ্রাম। বাজারমূল্য প্রায় ৮০ লাখ টাকা। এ ঘটনায় যাত্রী মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে।
কাস্টমসের উপকমিশনার সালাহউদ্দিন রিজভী গণমাধ্যমকে বলেন, যাত্রীর ব্যাগে খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির ভেতরে কৌশলে এসব স্বর্ণবার লুকিয়ে রাখা হয়েছিল। স্ক্যানিংয়ে সন্দেহ হলে ব্যাটারি খুলে এসব স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।