জাতির পিতার জন্মদিনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে উদ্‌যাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার এ উপলক্ষে বাহিনীর সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা পর্যায়ের সকল ইউনিটে বিশেষ কর্মসূচি পালন করা হয়।

যথাযথ মর্যাদায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সদর দপ্তর, আনসার ও ভিডিপি একাডেমিসহ মাঠ পর্যায়ে রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা, জোন ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার (ভিটিসি) কার্যালয় সমূহে সুদৃশ্য ব্যানার স্থাপন করা হয়। জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয় কার্যালয়সমূহ।

জাতির পিতার জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাহিনীর সকল ইউনিটে সকাল ১১টায় একযোগে কেক কাটা হয়। প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ ও ‘বঙ্গবন্ধু সরকারের সাড়ে তিন বছর’।

এছাড়া, সদর দপ্তরে বাহিনীর অর্কেস্ট্রা দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বাহিনীর প্রতিটি ইউনিটে বঙ্গবন্ধুর জীবনীর নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জোহরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান ও উপমহাপরিচালক  (অপারেশন) মো. সামছুল আলমসহ সদর দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।