ফেনীর সোনাগাজীতে ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে প্রতি লাখে ত্রিশ হাজার টাকা মুনাফার প্রলোভনে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা বুধবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রাসেলকে আটক করে স্থানীয় চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের কাছে হস্তান্তর করেন।
রাতে ক্ষতিগ্রস্ত অপু পোদ্দার সোনাগাজী মডেল থানায় প্রতারণার অভিযোগে রাসেল ও আবুল কাশেম নামে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে চেয়ারম্যান বাদল তাকে পুলিশে সোপর্দ করেন।
রাসেল ফেনী সদর উপজেলার ছুনুয়া ইউনিয়নের বাসিন্দা। কাশেম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের।
অপু পোদ্দার বলেন, অধিক মুনাফার লোভে পড়ে প্রায় শতাধিক গ্রাহক রাসেল ও আবুল কাশেমের প্রতারণার শিকার হয়েছেন। পাওনা শোধের ভয়ে বেশ কিছুদিন পালিয়ে থাকার পর বুধবার সন্ধ্যায় রাসেল গোপনে বাজারে এসে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ খবর জানাজানি হলে ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা এক জোট হয়ে তাকে আটক করেন।
ভুক্তভোগী গ্রাহকেরা জানান, গত জানুয়ারি মাসে মো. রাসেল ও আবুল কাশেম দুজন মিলে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তারমুন্সি বাজারে রাসেল এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। এরপর তারা প্রচার করেন কেউ যদি এক লাখ টাকা জমা রাখেন তাহলে ১০ দিন পর পর তিন কিস্তিতে মাসে ত্রিশ হাজার টাকা মুনাফা দেয়া হবে।
ভুক্তভোগী গ্রাহকেরা আরো জানান, অধিক মুনাফা পাওয়ার আশায় আমরা ৯৮ জন গ্রাহক তাদের কাছে দেড় কোটি টাকা জমা রাখি। প্রথম মাসে তারা লাখে ত্রিশ হাজার টাকা প্রদান করলেও মার্চ মাসের শুরুতে মুনাফা দেওয়া বন্ধ করে দিয়ে তারা পালিয়ে যান।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বাদীর লিখিত অভিযোগ তদন্ত করে প্রাথমিকভাবে দুজনের বিরুদ্ধে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত রাসেলকে বৃহস্পতিবার দুপুরে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে। অপরজন পলাতক রয়েছেন।