ইউক্রেন সেনাদের পোশাকে নাৎসি প্রতীক!

সম্প্রতি ইউক্রেনের সৈনিকদের ইউনিফর্মের দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দুটিতে দেখা যাচ্ছে নাৎসিবাদের সঙ্গে সম্পর্কিত একটি প্রতীক লাগানো আছে সৈনিকদের পোশাকে। একটি ছবিতে কিয়েভ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ করছিলেন এমন একজন সৈনিকের বুকের ওপর কালো-সূর্য প্রতীক ছিল। সেটি তুলেছিলেন ইউক্রেনের ফটোসাংবাদিক আনাস্তাসিয়া ভ্লাসোভা এবং গেটি ইমেজ সেটি টুইটারে পোস্ট করেছিল। দ্বিতীয় ছবিটি ৮ মার্চে ন্যাটো পোস্ট করে এবং পরে ডিলিট করে দেয়। ওই ছবিটিতে একজন নারী সৈনিকের ইউনিফর্মের ওপরও একই কালো-সূর্য প্রতীক দেখা যায়।

ছবি দুটি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় সমালোচনা। মানবাধিকার সংস্থা ফ্রিডম হাউজ বলছে, ইউক্রেনে কালো-সূর্য প্রতীক প্রায়ই উগ্র-ডানপন্থি আদর্শের প্রতীক হিসেবে ব্যবহার হয়। উদাহরণ স্বরূপ, এটি আজভ ব্যাটালিয়নের চিহ্নের অংশ, যে জাতীয়তাবাদী সশস্ত্র গোষ্ঠীটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে ইউক্রেনের সংঘাতের সময় আলোচনায় উঠে আসে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কাজ করে এমন সংস্থা অ্যান্টি-ডিফেমেশন লিগ এডিএল বলছে, কালো-সূর্য নাৎসিদের ব্যবহার করা কয়েকটি ইউরোপীয় প্রতীকের একটি, যার মাধ্যমে একটি আদর্শ আর্য জাতি তৈরি করতে চেয়েছিল তারা।

তবে এই চিহ্নের অর্থ ‘বর্ণবাদ বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ’-ই হবে, আমাদের সেটা ধারণা করে নেওয়া উচিত হবে না। নাৎসিবাদের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত প্রতীক হচ্ছে স্বস্তিকা চিহ্ন, যা ইউক্রেনের সৈনিকদের ইউনিফর্মে দেখা যায়নি।

এই প্রতীকের ভিন্ন ভিন্ন রূপ বিশ্বের বিভিন্ন সংস্কৃতি যেমন নর্ডিক এবং কেল্টিক সম্প্রদায়ের মধ্যে ব্যবহার হয়।

তবে দুই সৈন্যের পোশাকের কালো-সূর্য প্রতীকের কারণে ইউক্রেনের রাজনীতিতে ডানপন্থি আদর্শের প্রভাব বাড়ছে কি না নতুন করে সে বিতর্ক উসকে দিয়েছে।

দীর্ঘদিন যাবৎ যে অজুহাতে ইউক্রেনে হামলা চালাতে চাইছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ছবি তাতেও নতুন হাওয়া দিল।

বিশেষজ্ঞরা বলছেন, পুতিন যখন ইউক্রেনের নাৎসিবাদের উত্থানের অজুহাতে হামলার বৈধতা খুঁজছিলেন, তখন এমন ছবি তার দাবিকে সমর্থন করবে। তবে ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ কেইর জাইলস বলছেন, ইউরোপে কোনো প্রতিপক্ষকে আক্রমণ করতে হলে রাশিয়া সহজেই তাকে নাৎসি তকমা দিয়ে দেয়। আর তা কেবল ইউক্রেন নয়, বাল্টিক অন্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রেও রাশিয়া এ শব্দ ব্যবহার করে।