শক্তি-ঐতিহ্যে জুভেন্তাসের ধারেকাছেও নেই ভিয়ারিয়াল। ইতালিয়ান লিগে জুভেন্তাস সবচেয়ে সফল দল, ইউরোপের কুলীন টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগেও শিরোপা জিতেছে দুবার। ভিয়ারিয়াল সেখানে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ একবারই সেমিফাইনাল খেলেছে, সেটাও এক যুগেরও (১৬ বছর) বেশি সময় আগে। অথচ ‘হলুদ সাবমেরিন’খ্যাত সেই দলটির কাছে হেরেই শেষ ১৬ থেকে বিদায় ঘটল জুভেন্তাসের। তাতে টানা দ্বিতীয়বার ইউরোপা সেরা ক্লাব প্রতিযোগিতার শেষ আটে ইতালির কোনো প্রতিনিধিত্ব থাকল না।
স্প্যানিশ ক্লাবটির মাঠে শেষ ষোলো প্রথম লেগ ১-১ গোলে ড্র করে জুভেন্তাস। ফিরতি লেগে বুধবার নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগ পর্যন্তও গোলশূন্য ছিল দুদল। ৭৮ থেকে ৯২ এই ১৪ মিনিটের ঝড়ে তিন গোল হজম করে শেষ ষোলো থেকে ছিটকে পড়ে জুভেন্তাস। সিরি আ-তে রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা কখনো লা লিগা জিততে না পারা ভিয়ারিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে হারল ১-৪ ব্যবধানে। এ নিয়ে টানা তিন মৌসুম শেষ ১৬ থেকে ঝরে পড়ল জুভেন্তাস। ২০১৯-২০ মৌসুমে লিঁও, ২০২০-২১ মৌসুমে পোর্তো এবং এবার ভিয়ারিয়ালের মতো ক্লাবের কাছে পা হড়কাল ইতালির কুলীন ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই রসিকতা চলছে, ইউরোপিয়ান সুপার লিগের স্বপ্নে তা দিয়ে ইউরোপের ছোট ছোট ক্লাবগুলোকে ‘অভিজাত’ তালিকার বাইরে রাখায় ইন্ধন দিয়েছে জুভেন্তাস। অথচ সেই ছোট দলগুলোর কাছেই কি না হেরে টানা তিন মৌসুম নাক কাটা পড়ল!
বুধবার ঘরের মাঠে লিলেকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের মাঠে ০-২ গোলে হারা লিলে পেনাল্টি থেকে গোল করে আশা জাগিয়েছিল ফেরার। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোর থ্রু ধরে দারুণ ফিনিশিংয়ে দূরের পোস্টে ক্রিস্টিয়ান পুলিসিচের গোল ব্যবধান আবার বাড়ায় চেলসি। ৭১ মিনিটে বাঁ প্রান্তে ম্যাসন মাউন্টের ক্রস থেকে অধিনায়ক আজপিলিকুয়েতার গোলে লিলের সব সম্ভাবনা মিলিয়ে যায়।
এবার ইংল্যান্ড থেকে চেলসি ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। স্পেন থেকেও উঠেছে তিনটি ক্লাব- ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। পর্তুগাল থেকে বেনফিকা ও জার্মানি থেকে উঠেছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দুটি দেশ থেকে ন্যূনতম তিনটি করে দল এর আগে সর্বশেষ দেখা গিয়েছে ২০০৩ সালে। সেবার ইতালি থেকে শেষ আটে উঠেছিল ইন্তার মিলান, এসি মিলান ও জুভেন্তাস। স্পেন থেকে উঠেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।