হাজার রানের লিড

প্রথম ইনিংসে ৮৮০, দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪১৭। প্রতিপক্ষ ২৮৯ রানে গুটিয়ে যাওয়া ৪ দিনের ম্যাচে মোট ১০০৮ রানের লিড! অবিশ্বাস্য এই কাণ্ড করেছে ভারতের ঘরোয়া ফার্স্ট ক্লাস প্রতিযোগিতায় রনজি ট্রফির এলিট গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে নাগাল্যান্ডের বিপক্ষে ঝাড়খন্ড। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এটাই সর্বোচ্চ লিডের রেকর্ড। ৯৫৮ রানের আগের রেকর্ডটি মুম্বাইয়ে গড়েছিল ১৯৪৮-৪৯ রনজি ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে।

কলকাতার ইডেন গার্ডেন্সের রেকর্ড গড়া ম্যাচে ১৭ বছর বয়সী কুমার কুশাগ্রের ২৬৬, বিরাট সিং ও শাহবাজ নাদিমের সেঞ্চুরিতে ঝাড়খন্ড প্রথম ইনিংসে তোলে ৮৮০। জবাবে নাগাল্যান্ড মাত্র ২৮৯ রানে গুটিয়ে গেলে প্রথম ইনিংসেই ৫৯১ রানের লিড পায় ঝাড়খণ্ড। সুযোগ ছিল ফলোঅন করানোর, কিন্তু ঝাড়খণ্ডের অধিনায়ক সৌরভ তিওয়ারি যেন কোয়ার্টারের আগের ব্যাটিং প্রস্তুতিকেই বড় করে দেখলেন। দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাট করতে নামে দলটি। এবার অনুকূল রায় করেন সেঞ্চুরি।

কুশাগ্র এবার করেন ৮৯। ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান তোলে ঝাড়খণ্ড। তিন ইনিংসে ১৫৮৬ রান রঞ্জির ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ডটি হয়েছে খুব বেশিদিন হয়নি। গেল ফেব্রুয়ারিতে বিহার-সিকিমের ম্যাচে উঠেছিল ১৩৬৭ রান। সেটিকে দুইয়ে ঠেলে দিয়েছে ঝাড়খণ্ড ও নাগাল্যান্ডের এই ম্যাচ। এক ম্যাচে এক দলের সর্বোচ্চ রানের রেকর্ডটা একটুর জন্য ভাঙতে পারেনি এই ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে ঝাড়খণ্ড তুলেছে ১২৯৭ রান, যা এক ম্যাচে সামগ্রিক রানের বিচারে কোনো দলের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। ১৯৪৮-৪৯ মৌসুমে মহারাষ্ট্রের বিরুদ্ধে মুম্বাই তুলেছিল ১৩৬৫। পরের রেকর্ডটাও মুম্বাইয়েরই। ১৯৯০-৯১ মৌসুমে হায়দরাবাদের বিপক্ষে দলটি ১৩০১ রান তুলেছিল।