বনানী থানার বরখাস্ত পরিদর্শক (তদন্ত) সোহেল রানার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আলোচিত এ পুলিশ কর্মকর্তা ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ছিলেন। ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন এক গ্রাহক।
সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে উপপরিচালক মোনায়েম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার তদারককারী কর্মকর্তা ও দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ তথ্য জানান। তদন্তসংশ্লিষ্টরা জানান, অভিযোগ রয়েছে সোহেল রানা ঢাকায় চারটি ফ্ল্যাট, ৯ কোটি টাকা মূল্যের একটি বাণিজ্যিক ভবন, বেশ কিছু প্লট, চারটি দেশে সম্পত্তি ও শত শত কোটি টাকার সম্পদের মালিক।