শরিফুলকে বাঁচাতে সেপটিক ট্যাংকে নামে সাগর, প্রাণ গেল দুজনেরই

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে এক শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে আনন্দধাম দাস পাড়ার মন্দির প্রাঙ্গণের কাছে একটি সদ্য নির্মিত বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কুষ্টিয়া জেলার কুমারখালির আনসার পরমানিকের ছেলে শ্রমিক শরিফুল পরমানিক (৩৫) ও পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজু কুমার দাসের ছেলে সাগর কুমার দাস।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আনন্দধাম এলাকার দাসপাড়ায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে নির্মাণ শ্রমিক শরিফুল অজ্ঞান হয়ে যায়। পরে শরিফুলকে বাঁচাতে গিয়ে বাড়িতে থাকা সাগর সেপটিক ট্যাংকে নামলে সেও অজ্ঞান হয়ে যায়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধ উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনকে উদ্ধার হারদি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।