ফ্রান্সে আশ্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই রুশ সাংবাদিক

সন্ধ্যার সংবাদ পরিবেশনের সময় যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে ইউক্রেনে হামলার প্রতিবাদ জানানো রাশিয়ার সরকারি টিভি স্টেশন ‘চ্যানেল ওয়ান’-এর মেরিনা ওভিসইয়াননিকোভা ফ্রান্সে আশ্রয় নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে কর্মস্থলে পদত্যাগপত্রও জমা দিয়েছেন তিনি। খবর আল জাজিরা।

রাশিয়ার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় খবর পড়ছিলেন এক নারী উপস্থাপক। এ সময় সেখানে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন সম্পাদক মেরিনা ওভিসইয়াননিকোভা।

তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস কোরো না, তারা এখানে মিথ্যা কথা বলছে’।

এ সময় তিনি আরও বলছিলেন, ‘যুদ্ধকে ‘না’ বলুন। যুদ্ধ বন্ধ করুন’।

এ নিয়ে ব্যাপক তোপের মুখে পড়েন মেরিনা। আইন লঙ্ঘন করায় ওস্তানকিনস্কি জেলা আদালত তাকে ৩০ হাজার রুবল জরিমানা করে তাকে।

মেরিনা আদালতের বাইরে বলেন, তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। ফিরিয়ে দিয়েছেন ফ্রান্সে আশ্রয়ের প্রস্তাব নেওয়ার প্রস্তাব।

ফ্রান্স টোয়েন্টিফোরের সঙ্গে আলাপে জানান, চ্যানেল ওয়ান থেকে পদত্যাগের জন্য আইনি প্রক্রিয়া অনুসরণ করে সব নথি হস্তান্তর করেছেন।

মেরিনা জানান, তার দুটি ছোট সন্তান রয়েছে। এ ঘটনায় তার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে তার ছেলে ভীষণ উদ্বিগ্ন।

সঙ্গে এও বলেন, আমাদের এই ভ্রাতৃঘাতী যুদ্ধের অবসান ঘটাতে হবে যাতে এই উন্মাদনা পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়। আমি আশা করি, আমার ছেলে যখন বড় হবে তখন সে বুঝতে পারবে কেন আমি এটা করেছি।

আরও জানান, তার কিছু সহকর্মী পদত্যাগ করেছেন। অনেকের ইচ্ছা থাকলেও অর্থনৈতিক বাধার কারণে পারছেন না।

জার্মানির ডের স্পিগেলের সঙ্গে একটি পৃথক সাক্ষাৎকারে মেরিনা ওভিসইয়াননিকোভা বলেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করবেন না এবং রাশিয়ায় থাকবেন।