কুমিল্লার মুরাদনগরে প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা মায়ের সঙ্গে অভিমান করে হৃদয় (১৭) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকি ইউনিয়নের দুইরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর হৃদয় দুইরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি বাইড়া বাজারে তার বাবার চায়ের দোকানে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে বেড়াতে এসে পরিচয় হয় পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার এক কিশোরীর (১৬) সঙ্গে। পরিচয়ের পর থেকে দুজনের সম্পর্ক গভীর হয়ে এক সময় প্রেমে পরিণত হয়। প্রেমের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যরা জানতে পেরে তাদের সতর্ক করে। তবে, হৃদয় তার প্রেমিকাকে বিয়ে করতে পরিবারকে চাপ দিতে থাকেন।
ছেলের বয়স কম হওয়ার কারণে তার বাবা-মা বিয়েতে রাজি না হওয়ায় অভিমান করে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ঝোপের মধ্যে গিয়ে কীটনাশক পান করেন হৃদয়।
প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।