নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে লিমন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার অরক্ষিত রেলঘুন্টি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত লিমন মনষাপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত লিমন পেশায় দিনমজুর ছিলেন। প্রতিদিনের মতো সকালে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। বউবাজার অরক্ষিত রেলঘুন্টি পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
সৈয়দপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ৮ ডিসেম্বর একই স্থানে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিন শিশুসহ ৪ জন নিহত হয়েছিল।