হবিগঞ্জে একটি চোরাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিনজন আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মাধবপুর উপজেলা সদরে ঘটনাটি ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের ফায়ার সার্ভিস রোডে একটি ট্রাক ব্যাটারিচালিত একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের মফিজুল মিয়া (৩০)। গুরুতর আহত একই ইউনিয়নের মুরাদপুর গ্রামের আমসু মিয়া (২৮) ও পূর্ব মাধবপুর গ্রামের সামাদ মিয়াকে (৪৫) মাধবপুর হাসপাতালে আনা হয়।
পরে তাদেরকে সংকটাপন্ন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাইনুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ২০-০৮৪৬) চুরি হয়েছে। শনিবার সকালে দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর প্লেটটিতে ওই নম্বর পাওয়া গেছে।
ওসি আরও জানান, ট্রাকের মালিক মো. মমিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- মির্জাপুরের সান বিক্সস ফিল্ড থেকে শুক্রবার রাত ৯টার দিকে চুরি হয় ট্রাকটি। তিনি স্থানীয় পুলিশকে অবগত করেছেন। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।