দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২২ মার্চ মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, আগামী ২৪ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকা ব্যতীত সকল মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন, ৩০ মার্চ বুধবার সকল জেলা সদরে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন, আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার সকল উপজেলা পর্যায়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন এবং আগামী ২ এপ্রিল শনিবার ঢাকা মহানগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া যে সকল জেলা, উপজেলায় কর্মসূচির ধার্য তারিখে সম্মেলন/কাউন্সিল থাকবে সেই সকল ইউনিটে কর্মসূচি স্থগিত থাকবে।
স্বাধীনতা দিবসের কর্মসূচি
সংবাদ সম্মেলনে রিজভী স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিগুলো হলো- ২৬ মার্চ শনিবার ভোর ৬টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, একইদিন দলের জাতীয় ও সর্বস্তরের নেতা কর্মীরা সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, সাভার থেকে ঢাকায় ফিরে সাবেক রাষ্ট্রপতি, শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দলের জাতীয় ও সর্বস্তরের নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ৩০ মার্চ বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বিএনপি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ সম্মিলিতভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌর শাখায় স্থানীয় সুবিধানুযায়ী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি করবে। দিবসটি উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে সকল দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবিসহ আলোকসজ্জা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।