জাতীয় পার্টির (জাপা) সাবেক চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেছেন সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে বারিধারার দূতাবাস রোডের প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে কয়েক শ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে শোভাযাত্রা করেন তিনি। পরে গুলশান-১ নম্বর পুলিশ প্লাজার সামনে গিয়ে বক্তব্য দেন বিদিশা।
বিদিশা এরশাদ জানান, তিনি তরুণ নেতৃত্ব খুঁজছেন। যারা তার সঙ্গে দেশের জন্য, মেহনতি মানুষের হয়ে সংসদে কথা বলবেন।
গুলশান-১ নম্বর পুলিশ প্লাজার সামনে বিদিশা এরশাদ বলেন, ‘এই দিনে আমি প্রয়াত এরশাদ সাহেবের জন্য দোয়া চাচ্ছি। ওনার আমল ছিল স্বর্ণ যুগ। ওনার সময়ে যে চালের দাম ছিল কেজি ২০ টাকার নিচে, এখন সে চাল ৫০ থেকে ৬০ টাকা। সামনে রোজা। মানুষ খাদ্যদ্রব্য নিয়ে বিপদে আছে। এখনই সরকার দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে না পারলে সরকারের সব ভালো কাজ ম্লান হয়ে যাবে।’
বিদিশা নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করেন। তিনি বলেন, তার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হচ্ছে। ছেলে এরিক এরশাদও দলে যুক্ত হয়েছেন। তবে মোটর শোভাযাত্রায় এরিক ছিলেন না। শোভাযাত্রায় বিদিশার সঙ্গে তার গঠিত কমিটির কো–চেয়ারম্যান, উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।