এয়ারগান চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার ঢাকার গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। এ ছাড়া তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ গ্র্যান্ড পিক্স ২০২২-এ বাংলাদেশ থেকে পদকপ্রাপ্ত ৬ শ্যুটারের মাঝে প্রাইজমানি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের বিভাগীয় পরিচালক সোয়েব আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফের সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী শ্যুটিং ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ৩৯টি ক্লাবের ২৫০ জন অ্যাথলেট ও ৫০ জন টিম ম্যানেজার/কোচ অংশগ্রহণ করেন। ৬ দিনব্যাপী প্রতিযোগিতা ১৪ মার্চ শুরু হয়ে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গতকাল শেষ হয়।