ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন খিলক্ষেতে মাত্র ২০০ টাকার বিনিময়ে থাকা ও খাওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী কর্মীরা। এখন থেকে বিদেশ থেকে আসা ও বিদেশে যাওয়া কর্মীরা ঢাকার হোটেলে না উঠে ‘বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে’ এ সুযোগ পাবেন।
গত শুক্রবার এ সেন্টার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। এ সময় তিনি বলেন, ‘একজন কর্মী হোটেলে থাকলে তার খাওয়া-দাওয়াসহ অনেক খরচ পড়ে যায়। কিন্তু সেন্টারে স্বল্পমূল্যে তারা থাকতে ও খেতে পারবেন। রমজানের পর এটি পুরোপুরি চালু হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, থাকার জন্য ১০০ টাকা ফি দিয়ে সরাসরি অথবা অনলাইনে আবেদন করা যাবে। এজন্য পাসপোর্ট, বিমানের টিকিট, বহির্গমন ছাড়পত্র/মেম্বারশিপ সনদের ফটোকপি প্রয়োজন হবে। একজন প্রবাসী কর্মী সর্বোচ্চ একটি সিটের জন্য আবেদন করতে পারবেন এবং দুই রাত থাকতে পারবেন। থাকা-খাওয়া ছাড়াও থাকবে টেলিফোন ও ইন্টারনেট সুবিধা। সেন্টার থেকে বিমানবন্দরে সরাসরি যাতায়াতের জন্য থাকবে পরিবহন সুবিধা।
১৪০ কাঠার বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে সেন্টারটি। নারী ও পুরুষের জন্য আলাদাভাবে আপাতত ৪৮টি আসন রয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা, বিশেষ প্রয়োজনে হাসপাতালে ভর্তি, কাউন্সেলিং, মোটিভেশনসহ প্রবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের মতো নানা সুবিধা থাকবে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সেন্টারটি নির্মাণ করেছে এবং বোর্ডের অধীনেই এটি পরিচালনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, যুগ্ম সচিব নাসরিন জাহান প্রমুখ।