যুক্তরাজ্যের প্রস্তাবও ফিরিয়ে দিলেন জেলেনস্কি, দেশ ছাড়বেন না

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও ইউক্রেনের প্রেসিডেন্টকে দেশ ছাড়ার পরামর্শ দিয়ে আশ্রয় দেওয়ার প্রস্তাব করেছে। কিন্তু জেলেনস্কি এবারও পালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

রাশিয়ার জোরদার হামলার মুখে প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার বিষয়ে ওই প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

কিন্তু বিদেশে নিরাপদ আশ্রয়ের চেয়ে সামরিক আগ্রাসনের মধ্যে ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ানোকেই বেশি গুরুত্ব দিয়েছেন জেলেনস্কি।

রবিবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

ব্রিটেনের সর্বাধিক প্রকাশিত সংবাদপত্র সানডে টাইমসকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তার নিয়মিত কথোপকথন হচ্ছে। তিনি (জেলেনস্কি) সম্পূর্ণরূপে একজন আকর্ষণীয় ব্যক্তি এবং একইসঙ্গে তিনি একজন অনুপ্রেরণাদায়ী হিসেবেও প্রমাণিত।

প্রধানমন্ত্রী জনসনের বক্তব্য অনুযায়ী, জেলেনস্কি এবং তার পরিবারের যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল কিন্তু ভলোদিমির জেলেনস্কি সবসময় পরিষ্কার করে বলেছেন যে, ইউক্রেনের জনগণের প্রতি তার দায়িত্ব রয়েছে; তিনি সেখানেই থাকবেন এবং ইউক্রেনীয়দের দেখাশোনা করবেন। আমাকে তার প্রশংসা করতেই হবে।