ইউক্রেনের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়া। মারিওপুল শহরের কাউন্সিল জানিয়েছে, রুশ বাহিনী শনিবার একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে। ওই স্কুলে প্রায় ৪০০ মানুষ আশ্রয় নিয়েছিল।
এক বিবৃতিতে জানানো হয়েছে, স্কুল ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। কর্মকর্তারা জানিয়েছিলেন, নারী, শিশু এবং বয়স্ক লোকজন ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তারা হামলার শিকার হয়েছেন।
তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মারিওপোল শহরের সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন হয়ে পড়েছে। সে কারণে পুরো পরিস্থিতি এখনও পরিষ্কার নয়।
এর আগে মারিওপোলের একটি থিয়েটার এবং হাসপাতালেও নিরস্ত্র মানুষদের ওপর হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৯১২ জন। মারিওপোলে মারা গেছেন অন্তত ২-৩ হাজার মানুষ, যাদের মধ্যে অন্তত ১০৮টি শিশু রয়েছে।
বিবিসি জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র এই হামলা ও পাল্টা হামলার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মারিওপোলের রাস্তায় লড়াই চলছে। এই পরিস্থিতিতে মারিওপোল শহরের রাস্তায় রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মরদেহ। এছাড়া বহু বাড়ি-ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে আগুনে।
বিবিসি বলছে, মারিওপোল শহরের পরিস্থিতি খুবই নাজুক। প্রায় ৩ লাখ বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশে শহর থেকে বের হতে পারেননি। অল্প কিছু বেসামরিক নাগরিক যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তারা মারিওপোলের ভয়ানক অবস্থার বর্ণনা দিয়ে জানিয়েছেন, খাবার সরবরাহ ফুরিয়ে যাওয়ার পাশাপাশি শহরে বিদ্যুৎ ও পানি সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে।