শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন- ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএ এর পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক)।

রবিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে। এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ করবে।

আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রবিবার দুপুরের দিকে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির পরপরই এই তদন্ত কমিটি গঠনের কথা জানায় মন্ত্রণালয়।

সিটি গ্রুপের মালিকানাধীন ‘রূপসী-৯’ কার্গোর ধাক্কায় মাঝনদীতে ডুবে যাওয়া লঞ্চটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।