মেসির জন্য বার্সার দরজা সবসময় খোলা

কান্নাভেজা চোখে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। পিএসজিতে যোগ দেওয়ার পর আগের মতো নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজি’র বিদায়ের পর লিগ ম্যাচের সময় ঘরের মাঠে দুয়ো শুনতে হয়েছে মেসিকে। তাতে ফের গণমাধ্যমে আলোচনা পিএসজি ছেড়ে বার্সেলোনা ফিরবেন মেসি? কাতালান ক্লাবের কোচ জাভি জানালেন মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা।

গতকাল রাতে (বাংলাদেশ সময় রাত ২টা) লা লিগায় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই ম্যাচের আগে বার্সেলোনার সংবাদ সম্মেলনে জাভিকে প্রশ্ন করা হয়েছিল মেসির বিষয়ে। জাভি বলেন, ‘মেসি ইতিহাসের সেরা আর বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা। যতদিন আমি বার্সাতে আছি, চাইলে সে প্রতিদিনই আসতে পারে এখানে। তার প্রতি শ্রদ্ধা জানানোরও দায় আছে আমাদের।’

মেসি পিএসজিতে গেছেন দুই বছরের চুক্তিতে। সেটি আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। মেসির এখনো এক মৌসুম পূর্ণ হয়নি পিএসজিতে। মেসির সাবেক সতীর্থ জাভি এ প্রসঙ্গে বলেন, ‘তার পিএসজির সঙ্গে একটা চুক্তি আছে আর আমরা এর চেয়ে বেশি বলতে পারি না। তবে ব্যাপারটা এমন চাইলে সে প্রতিদিনই অনুশীলন দেখতে আসতে পারে আর কোচের সঙ্গে কথা বলতে পারে। মেসি আমাদের যা কিছু দিয়েছে সেটা অমূল্য।’