ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত ওই নেতা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

সোমবার বিকেলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্র ইউনিয়ন জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ২০ মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ আহমেদ একটি স্বীকারোক্তিমূলক পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও বলা হয়, অভিযোগকারী ভবিষ্যতে যেকোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার দেশ রূপান্তরকে বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ আসায় আমরা তাকে কারণ দর্শনের নোটিশ দিই। তিনি নিজে স্বীকার করেছেন, ধর্ষণ করেছেন। তাই আমরা তাকে ছাত্র ইউনিয়ন থেকে বহিষ্কার করেছি।’