ঘরে বসে দেওয়া যাবে ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১ এপ্রিল থেকে অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। এ জন্য ডিএনসিসি এবং মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বিকেল ৩টায় রাজধানীর গুলশান-২ এ (ডিএনসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং বিকাশের পক্ষে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসী এপ্রিল থেকে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজে ট্যাক্স পরিশোধ করতে পারবে। অনলাইনে ট্যাক্স পরিশোধ করা হলে নগরবাসীকে কিন্তু আর সশরীরে সিটি করপোরেশনে আসতে হবে না। এর ফলে তাদের সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি যানজটও কিন্তু কমবে।’

তিনি বলেন, ‘রেভিনিউ অটোমেশনের এ অগ্রযাত্রায় ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়েছে বিকাশ। আমি বিকাশকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই ডিএনসিসির রাজস্ব বিভাগকে রেভিনিউ অটোমেশনের কাজটি বাস্তবায়নের জন্য।’