ময়মনসিংহের সদরে পারিবারিক কলহের জেরে ছেলের ঘুষিতে হাফিজা খাতুন (৭০) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ছেলে ও তার স্ত্রী পলাতক।
সোমবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামের নদীর পাড় পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজা খাতুন ওই এলাকার মৃত জবান আলীর আলীর স্ত্রী।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, স্থানীয়দের কাছে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর থেকে ছেলে মো. আব্দুল মান্নান (৫৫) ও তার স্ত্রী হাজেরা খাতুন (৪০) পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকাল, ১১ টার দিকে নিহত হাফিজা খাতুন ও পুত্রবধূর ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে কিল-ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।