আইপিএলে খেলার সুযোগ এসেছিল তাসকিন আহমেদের সামনে। তবে জাতীয় দলের ব্যস্ততা থাকায় বোর্ড এই পেসারকে ছাড়পত্র দেয়নি। তাসকিনও দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিয়ে ‘না’ বলে দিয়েছেন জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগকে। তাসকিনের এই সিদ্ধান্তকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
তাসকিনের আইপিএলে সুযোগ পাওয়া ও খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সোমবার রাতে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাশরাফী। তাসকিনের সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে তার দাবি, ‘নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়।’
নিজের ভেরিফায়েড পেইজ থেকে দেওয়া পোস্টে মাশরাফী লিখেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন, অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে। কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত।’
‘যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’
কনুইয়ের চোটে ছিটকে যাওয়া মার্ক উডের জায়গায় তাসকিনকে চেয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দেশের বাইরের কোনো আসরে খেলার সুযোগ এই প্রথম এসেছিল তাসকিনের সামনে। তবে দেশের হয়ে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলাকেই প্রাধান্য দিয়েছেন তিনি।
তাসকিনের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফী লিখেছেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো। আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছ। সবকিছুর মালিক আল্লাহ।’
তাসকিনের প্রতি মাশরাফীর পরামর্শ, ‘এ যুদ্ধে (বাজে সময় ফেলে আসা) তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিয়ো। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দাও। কারণ, তোমার মতো হাজারো খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়।’
‘যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।’