গুদাম থেকে টিসিবির পণ্য উদ্ধার, গ্রেপ্তার ১

আসন্ন রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে সরকার যে খাদ্যপণ্য দিচ্ছে গাজীপুর মহানগরীতে তা কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার ও এক ব্যবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ করেছে। গ্রেপ্তার ওই যুবকের নাম মো. শাহীন (৩৩)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

গাছা থানার এসআই মো. নাসির-উজ-জামান জানান, রবিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে গাছা থানার বোর্ড বাজারে মেসার্স মা স্টোরের মালিক শাহীনের ভাড়া করা গুদামে টিসিবির পণ্য অবৈধভাবে গুদামজাত অবস্থায় দেখতে পান। এ সময় ওই গুদাম থেকে দুই লিটারের ৪৬ বোতল সয়াবিন তেল, ৮৬ কেজি চিনি, ৮২ কেজি মসুর ডাল জব্দ করা হয়।

আটক শাহীনের বরাত দিয়ে পুলিশ জানায়, জাহাঙ্গীর ও রফিক নামে দুই ব্যক্তি এসব পণ্য তার কাছে বিক্রি করেছেন। এ জন্য তার কাছে দুই লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৩০০ টাকা করে (প্রতি লিটার ১৫০ টাকা দরে), ৬০ টাকা কেজি দরে চিনি ও ৭০ টাকা কেজি দরে মসুর ডাল বিক্রি করা হয়েছে। আরও কয়েকজন ব্যবসায়ীর কাছেও এসব পণ্য বিক্রি করা হয়।