হরিলুট ও দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ: রিজভী

সরকারের হরিলুট ও দুর্নীতির কারণে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে মঙ্গলবার (২২ মার্চ) সকালে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, শুধু নিম্ন ও মধ্যবিত্ত মানুষ নয় সরকারি-বেসরকারি কর্মকর্তারাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন। আজকে সংবাদপত্রে আছে মা এসে লাইনে দাঁড়াচ্ছে, মেয়ের বিয়ে হয়েছে সেও আরেক এলাকা থেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। এতে বোঝা যাচ্ছে, শুধু দুর্ভিক্ষের ছায়া না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা সরকারের নেই। সরকার হরিলুট ও দুর্নীতির আদর্শে অনুপ্রাণিত। 

এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাহ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।