গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে কেনিয়া

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে শক্তিশালী কেনিয়া।

পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ৬৫-১৯ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারে পা রাখে আফ্রিকার দলটি।

ম্যাচের প্রথমার্ধে ৩ লোনাসহ ৩৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়া। দ্বিতীয়ার্ধে আরো দুটি লোনা পায় তারা। পুরো ম্যাচে দাপুটে কেনিয়ার কাছে পাত্তাই পায়নি নেপাল।

এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হলো কেনিয়া। এর আগে কেনিয়ার কাছে ধরাশায়ী হয় টুর্নামেন্টের নতুন দল ইরাক এবং ইন্দোনেশিয়া।

নেপালের বিপক্ষে দারুণ খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন কেনিয়ার ভিক্টর ওনিয়াঙ্গো।

বুধবার দুপুর ২টায় প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্সআপ শ্রীলঙ্কার মুখোমুখি হবে কেনিয়া।