শ্রমিক নিহতের গুজবে বাসে আগুন, অবরোধ

গাজীপুরে বাসচাপায় একটি পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছে এমন সংবাদে বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়িসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া কারখানার সামনে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

বাসচাপায় আহত শ্রমিকের নাম মনির হোসেন (৩০) তিনি বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার তেতুঁলিয়া গ্রামের নাম আবুল কাসেমের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি এলাকার আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ মালেক খসরু খান জানান, দুপুরের খাবার খেয়ে স্থানীয় আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার ইলেকট্রিশিয়ান মোঃ মনির হোসেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময়  ময়মনসিংহ থেকে ঢাকাগামী শৌখিন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।