কুমিল্লায় দুই দিনে একই মাদ্রাসার ৩ ছাত্রীকে ধর্ষণ!

কুমিল্লার বরুড়ায় এক দিনের ব্যবধানে একটি মহিলা মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই তিন শিশুর বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তাদের ধর্ষণের অভিযোগে অভিভাবকরা বাদী হয়ে গত সোমবার রাতে বরুড়া থানায় দুটি মামলা করেছেন। মামলায় আলী আকবর (৫০) নামে এক ব্যক্তিকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে আছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় নরিন্দ্র মহিলা মাদ্রাসার আঙ্গিনার পাশে ধর্ষণ মামলার আসামি আলী আকবরের ঘর। তিনি গত রবিবার দুপুরে মাদ্রাসাটির ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থীর মা। সেদিন রাত ৮টায় ওই শিশু শিক্ষার্থীকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আলী আকবর পরদিন সোমবার সকালে একই মাদ্রাসার আরও দুই শিক্ষার্থীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, নরিন্দ্র মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে নামলে তাদের চকলেট, চানাচুর বা নগদ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন আলী আকবর। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ‘এমন ঘটনায় আমরা চরম হতবাক। ধর্ষিতাদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘অভিযোগ পেয়ে ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’