দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় অবৈধপথে যাওয়ার সময় দেশটির পুলিশের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম আবদুল হামিদ (৩৫)। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামে। তিনি অবৈধপথে দক্ষিণ আফ্রিকার জঙ্গলের সীমান্তে পৌঁছলে টহলরত পুলিশের গুলিতে মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তারা জানান, কয়েক মাস আগে উপজেলার প্রতিমা বংকী গ্রামের ছেলে ও দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মিনহাজ উদ্দিন ছুটিতে বাড়িতে আসেন। তখন তিনি তার পূর্বপরিচিত হামিদকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সেখানে বেশি বেতনে শ্রমিকের কাজ দেওয়ার কথা বলে হামিদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেন। মিনহাজ হামিদকে সঙ্গে না নিয়ে আবদুস সাত্তার নামে এক আদম ব্যবসায়ীর মাধ্যমে দক্ষিণ আফ্রিকা পাঠানোর ব্যবস্থা করে চলে যান।

এ বছরের জানুয়ারিতে ওই আদম ব্যবসায়ীর সহযোগিতায় হামিদ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে পরিবারের কিছুদিন যোগাযোগ থাকলেও মাসখানেক ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত মিনহাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করতে থাকেন। গত রবিবার রাতে হামিদের বাড়িতে খবর আসে তিনি দক্ষিণ আফ্রিকার জঙ্গলে সীমান্ত এলাকায় ঢুকলে ওই দেশের পুলিশের গুলিতে মারা গেছেন।

নিহত হামিদের বড় ভাই মো. হারুন বলেন, রবিবার রাতে খবর পেলেও ১০-১৫ দিন আগে হামিদ ওই দেশের পুলিশের গুলিতে মারা গেছে। এ বিষয়ে সখীপুর থানা পুলিশকে জানানো হয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয়পক্ষ থানায় এসেছিল। তারা সমঝোতার চেষ্টা করছেন বলে আমাকে জানিয়েছেন।