আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনী: সুবিধাবঞ্চিত শিশুদের ‘চোখে বাংলাদেশ’

ফ্রঙ্কোফোনি উৎসব উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারিতে শুরু হয়েছে ‘আমার চোখে বাংলাদেশ’ শিরোনামে ১১ দিনব্যাপী চিত্র প্রদর্শনী।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার জুম গ্যালারিতে মঙ্গলবার থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর আয়োজনে এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি চলবে ১ এপ্রিল পর্যন্ত। সোম থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এএসডির আনন্দ নিবাসের শিশুদের উপস্থাপনায় ‘একলা চলো রে’ শিরোনামে একটি নাটক মঞ্চায়িত হয়। 

আয়োজকরা জানান, ২০১২ সাল থেকে এএসডি, ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির আর্থিক সহায়তায় ডেভেলপমেন্ট অব চিলড্রেন এট হাই রিস্ক নামে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের পথশিশু, বস্তিবাসী শিশু এবং শ্রমে নিয়োজিত শিশুদের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত এসব শিশুর মেধা বিকাশের জন্য তাদের আঁকা ২০টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে শিশুরা নিজের দেখা ইতিবাচক বাংলাদেশের চিত্র তুলে এনেছে।

আর নাটকে একটি শিশুর জীবন কাহিনির মাধ্যমে দারিদ্র্য, বাল্য বিবাহ, শিশু পাচার, কর্মক্ষেত্রে হয়রানি ও লাঞ্ছনা, স্বাবলম্বী হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। অংশগ্রহণমূলক পদ্ধতিতে তৈরি নাটকটির নির্দেশনা দিয়েছে ডিসিএইচআর প্রকল্পের কর্মকর্তা ও আনন্দ নিবাসের শিশুদের সমন্বয়ে গঠিত নির্দেশনা দল।