চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে ধ্বংস হওয়া যাত্রীবাহী বোয়িং বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিমানের ফ্লাইট রেকর্ডারকে সাধারণভাবে ব্ল্যাক বক্স বলা হয়। এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস বা যন্ত্রাংশ, যেখানে বিমানের সব তথ্য সংরক্ষিত থাকে। যে কোনো বিমান দুর্ঘটনার তদন্তে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। সাধারণত উড়োজাহাজের পেছনের দিকে থাকে এই যন্ত্রাংশটি। গত ২১ মার্চ চীনের ইস্টার্ন এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১৩২ জন আরোহী নিয়ে গুয়াংশির দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার একটি ভয়ংকর ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।