শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের প্রতিবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের পর অচেতন অবস্থায় ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদ ও এ ঘটনায় অভিযুক্ত লিংকনের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মার্চ বিকেলে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আবুল কাশেম মেমোরিয়াল পাকা রাস্তার মোড়ে পৌঁছালে লিংকন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে তার মাথায় আঘাত করা হয়। এতে সে অচেতন হয়ে পড়ে। এরপর লিংকনসহ তার সহযোগীরা মেয়েটিকে ধর্ষণের পর কুষ্টিয়া শহরের নিশান মোড় সংলগ্ন পৌরসভার ভাগাড়ে ফেলে রেখে যায়। পরে পুলিশ এসে ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, ওই ছাত্রীর বাবা লিংকন ও তার দুই সহযোগীর নামোল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।