রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ চারজন হলো মো. সাঈদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫) এবং তাদের মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, দগ্ধ আবু সাঈদের শরীরের ৯৫ শতাংশই পুড়ে গেছে। তার স্ত্রী রেখার শরীরের ৩০ শতাংশ। তাদের সন্তান সাফার ১১ ও সাফিয়ানের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ সাঈদের শ্যালক সজীব আহমেদ জানান, চুলার স্বয়ংক্রিয় সুইচ দিতেই ঘরে আগুন ধরে যায়। পরে তাদের আর্তচিৎকার প্রতিবেশীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তার ধারণা, রান্নাঘরে কোনোভাবে হয়তো চুলার গ্যাস লিকেজ হয়েছিল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ভোররাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।