রাজধানীতে বাসার নিচে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ

রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকার একটি চারতলা বাসার নিচে বেসরকারি একটি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে তার লাশ পাওয়া যায়। শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার চরতা এলাকার রতন রায়ের ছেলে। শুক্রাবাদে ৮/এ নম্বর বাসার তিনতলায় মেস ভাড়া নিয়ে থাকতেন আকাশ। দুই মাস আগে তিনি কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক সম্পন্ন করেন।

আকাশের বন্ধু পঙ্কজ অধিকারী জানান, তিন দিন আগে তার সঙ্গে ওই বাসায় ওঠেন আকাশ। গতকাল ভোররাত সাড়ে ৪টার দিকে বাসার নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার ব্যবহৃত ফোনটি বাসার ছাদে পাওয়া যায়। আর তার মুখ থেকে হারপিকের গন্ধ বের হচ্ছিল। তিনি বলেন, প্রেমঘটিত কোনো কারণে আকাশ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে থাকতে পারেন। লাফ দেওয়ার আগে হয়তো তিনি হারপিক পান করেছেন।

এদিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় জান্নাতুল ফেরদৌস (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ পরে জান্নাতুলের লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে পুলিশ সবুজবাগের কাঠেরপুল এলাকার একটি বাড়ি থেকে কাওসার হোসেন (২০) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার বাবার নাম আবুল কাশেম। গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়।