বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর আটক ৪১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিল মিয়ানমার। গতকাল বুধবার বিকেলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালেদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছর ৬ মে থেকে বাংলাদেশি ৪১ নাগরিক মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজা ভোগ শেষে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পারার পর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘদিন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। এরপর গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মিয়ানমারের মন্ডু পয়েন্ট অব এনট্রি নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে দেশটিতে আটক ৪১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়। পতাকা বৈঠকে মিয়ানমার বিজিপির পক্ষে নেতৃত্ব দেন লে. কর্নেল কাও না ইয়াং শো।