বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) ১০০টি গাড়ি দিয়েছে সরকারি যানবাহন অধিদপ্তর। গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে পরিবহন কমিশনার মো. আবদুস সাত্তার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাতে গাড়ির প্রতীকী চাবি তুলে দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বক্তব্য রাখেন বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম ও পরিবহন পুলের কমিশনার।
প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘যেকোনো মানুষকে দক্ষ করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। সরকার আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী জোগান দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সারা বিশ্বে দক্ষ ড্রাইভারের চাহিদা রয়েছে। আমার জানামতে, যুক্তরাষ্ট্র, কানাডা ড্রাইভার খুঁজছে। তবে সেটা লং ট্রাকের। আমাদের পরিকল্পনা আছে যে আমরা লং ট্রাকেরও ব্যবস্থা করব।’
দেশের ভেতরও অনেক ড্রাইভারের প্রশিক্ষণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আমরা যে ১০০টি গাড়ি পেয়েছি তার ফল আগামী এক বছরের মধ্যে দেখা যাবে।’