ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বহু মামলা

প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ অনুসারীদের

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের এক ছাত্রলীগ নেতার নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবি ও থানায় অপরাধীদের বোর্ডে তার ছবি লাগানোর প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

গতকাল বুধবার দুপুরে তারা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক-যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন রবিন সরদার নামের ওই ছাত্রলীগ নেতার অনুসারীরা।

বিক্ষোভকারীরা দাবি করেন, ছাত্রলীগ নেতা রবিন সরদারের বিরুদ্ধে বাসন থানার সাবেক ওসি রফিকুল ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশ কয়েকটি মামলা গ্রহণ করেন। থানার বোর্ডে অপরাধীদের তালিকার সঙ্গে ছাত্রলীগ নেতা রবিন সরদারের ছবিটি টানিয়ে রাখেন। অথচ রবিন সরদার কোনো মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

তিনি কলেজের একজন জনপ্রিয় ছাত্রনেতা।

যদিও বর্তমানে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘থানার ওসি হিসেবে কেউ যদি আমার কাছে অভিযোগ নিয়ে আসেন সেটা মামলা হবে এটাই বিধান। বাদী মামলা করতে চাইলে আইন অনুযায়ী আমি মামলা নিতে বাধ্য। কে কার বিরুদ্ধে মামলা করল সেটা মুখ্য বিষয় নয়। ৬টা মামলায় আলাদা আলাদা বাদী। সদর থানায় যোগদানের পর রবিনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা হয়েছে।’

থানার ওসি মালেক খসরু বলেন, ‘রবিন সরদারের বিরুদ্ধে বাসন থানায় মারামারি, অপহরণ ও দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সদর থানায়ও মামলা রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন আছে। বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি শেষে তার অনুসারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।