শাহজাদপুরে ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদে সড়ক বিভাগের গণবিজ্ঞপ্তি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দুপাশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ গণবিজ্ঞপ্তি জারি করেছে।

এ উচ্ছেদ অভিযানের মধ্যে সাবেক এমপি মরহুম হাসিবুর রহমান স্বপনের সুইট ড্রিম খ্যাত একটি দ্বিতল ভবনও রয়েছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে সরকারের প্রায় ২০০ কোটি টাকা মূল্যের প্রায় ২০ একর জায়গা উদ্ধার হবে।

প্রায় ২০ বছর ধরে এ জায়গাগুলো একটি প্রভাবশালী চক্র দখল করে প্রায় ৫০টি পাকা স্থাপনাসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করেছে।

বারবার নোটিশ করার পরও এ সব অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এ দিন গণবিজ্ঞপ্তি জারি হয়।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার সুইট ড্রিম প্রসঙ্গে বলেন, আমাদের সম্পত্তির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নোটিশ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, একটি প্রভাবশালী চক্র সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় তিন শতাধিক স্থাপনা নির্মাণ করে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের প্রায় ২০ একর জায়গা দখল করে রেখেছে। একাধিক বার নোটিশ করেও তাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। ফলে বৃহস্পতিবার শেষ বারের মতো এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে তারা নিজ দায়িত্বে তাদের এ সব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

উল্লাপাড়া সড়ক ও জনপদ বিভাগের এসডিও শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,এ গণবিজ্ঞপ্তির পরও যদি অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়া হয়, তবে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে কাজ না হলে পরবর্তীতে এ সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে।